গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও 'মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসক,পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
এছাড়াও গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও সদর উপজেলায় পৃথকভাবে আলোচনা সভা, কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি পালিত হয়।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় প্রার্থনা করা হয়।
এদিকে দিবস উপলক্ষে গাজীপুরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জাতীয় পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
রিপোর্টার্স২৪/মিতু