| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে বিডিআর সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৬:২২:৫৬:অপরাহ্ন  |  ৪০০৭২৫ বার পঠিত
মাদারীপুরে বিডিআর সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

বুধবার (২৫ মার্চ) বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিডিআর সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে পূর্বেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় নাসিরউদ্দিন ও তার ভাইয়েরা প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।বুধবার দুটি মামলায় আসামীপক্ষ মাদারীপুর আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা শেষে বাড়ি ফেরার পথে চরমুগরিয়া এলাকায় আসামীপক্ষের সঙ্গে বাদিপক্ষের নুরুজ্জামান মাদবর ও তার লোকজনের কথা কাটাকাটি হয় বলে জানা গেছে।

এরপর আসামীপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিডিআর সদস্য নাসিরউদ্দিন ও তার ভাই নুরুজ্জামানদের বাড়িতে হামলা চালায়। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে নাসিরউদ্দিনের মা মমতাজ বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিআর সদস্য নাসিরউদ্দিন মাতুব্বর বলেন,আমি একজন বিডিআর কর্মকর্তা হয়েও নিজের বাড়িতে নিরাপদ নই। আমাদের মামলায় ওরা আজ আদালতে হাজিরা দিতে গিয়েছিল। হাজিরা দিয়ে এসেই আমাদের বাড়িতে দলবেঁধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। আমার মাকে মেরে আহত করেছে। আমরা একটি রুমের ভিতর দরজা বন্ধ করে কোনমতে প্রাণ বাঁচিয়েছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। আমি এর বিচার চাই। আর আমরা কেউ আদালতে যাইনি, তাহলে ওদের উপর কিভাবে হামলা করবো? এটা ওদের সাজানো কথা।

অন্যদিকে মামলার আসামীপক্ষের রফিক শিকদার বলেন,আমরা মাদারীপুর আদালতে হাজির হয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নুরুজ্জামান আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের ওপর হামলার খবর পেয়ে এলাকার ছোট ছোট ছেলে-মেয়েরা নাসিরদের বাড়িতে কয়েকটি ইট-পাটকেল ছুড়েছে বলে শুনেছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪