নড়িয়া(শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মুক্তারেরচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আ. রাজ্জাক উকিলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাছা এলাকার ঢালী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতের বোন নারগিস আক্তার নড়িয়া থানায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন নাসির মাদবর (৩৫), সারজিদ মাদবর (২২), তুহিন মৃধা (৪৫), আবু বকর বেপারী (৩২), সিজান মাদবর (২০), ইমরান মাদবর (৪০), সাজ্জাদ মাহমুদ (২৮), তারা ঢালী (৩৫), তুহিন চৌকিদার (২০), সোহেল ঢালী (৪২), মোকসেদ ফকির (৩৪), সিফাত মাদবর (২৯), করিম বেপারী (৫২), নান্টু বেপারী (৫১), কুহেল বেপারী (৪১), ইব্রাহিম বেপারী (২০), পিটন বেপারী (৪৮), জলিল মাদবর (৪৩), জাহাঙ্গীর হাওলাদার (৪৫), ইদ্রিস বেপারী (৫১), জসিম বন্দুকচি (৩৮), ইয়াসিন বন্দুকচি (২৪) ও সোহাগ বন্দুকচি (২৮)।
এজাহারে বলা হয়, পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজ্জাক উকিলের পথরোধ করে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মাথা ও হাতে গুরুতর জখম করা হয়। পরে লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে তার হাত-পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এ সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করতে গেলে তারেক ভূইয়া ও কালু ফকিরকেও মারধর করা হয়। এ ছাড়া কালু ফকিরের অটোগাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বিস্ফোরণ ঘটায় এবং পরে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত রাজ্জাক উকিলকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের বোন নারগিস আক্তার জানান, চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে কিছুটা দেরিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি