রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির ধাক্কায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অধিকাংশ যাত্রী বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। সে সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য ওই ফেরিতে উঠতে না পারায় বাসটি পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করছিল।
ঘটনার কিছুক্ষণ পর সোয়া ৫টার দিকে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি ফেরি এসে পন্টুনে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।
দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহন ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন কোনোভাবে বের হয়ে আসতে পারলেও বেশিরভাগ যাত্রী বাসের ভেতরেই আটকা পড়েছেন।
তিনি আরও জানান, বাসটি উদ্ধারে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি