রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে গেলে যাত্রীরা পানিতে ছিটকে পড়েন। এদের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে। এদিকে স্বজনদের আহাজারিতে ফেরিঘাট এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরুতে কিছুটা বিলম্ব হয়। এতে নিখোঁজদের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।
ঘটনাস্থলে জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, “ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।”
রিপোর্টার্স২৪/বাবি