সিনিয়র রিপোর্টার: জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী সংসদ অধিবেশনে প্রয়োজনীয় আইন পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন পেয়ে সরকার গঠনের সুযোগ পাওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। এখন থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্ব নেওয়ার ২১ দিনের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই কার্ড দেওয়া হবে।
কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগের কথাও জানান তিনি। আগামী পহেলা বৈশাখে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। টাঙ্গাইল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রাথমিকভাবে ২১ হাজার কৃষককে কার্ড দেওয়া হবে।
এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে এবং প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে নতুন কিছু সিদ্ধান্তের কথাও তুলে ধরেন তিনি। তথ্যমন্ত্রীর ভাষ্য, এখন থেকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি বা প্লটের সুবিধা নেবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি