স্টাফ রিপোর্টার: রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, বাজারটিতে মূলত বিভিন্ন ধরনের কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং এতে বিপুল পরিমাণ পণ্য পুড়ে যায়। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নেভানোর কাজ চলছে।
সংস্থাটি আরও জানায়, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় থাকায় আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত।
রিপোর্টার্স২৪/বাবি