| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুট পারমিটহীন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়: ৪ পরিবহনকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ০৫:৩৫:১২:পূর্বাহ্ন  |  ৪৩৩১৮১ বার পঠিত
রুট পারমিটহীন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়: ৪ পরিবহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে রুট পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

অভিযানে সেবা গ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, রুট পারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৭ ও ৮০ ধারায় এ জরিমানা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, “যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাঈম তালুকদার এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪