| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাস জলাশয় দখলমুক্তের দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ২৩:১৬:৫২:অপরাহ্ন  |  ৪৩১০৫২ বার পঠিত
খাস জলাশয় দখলমুক্তের দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন
ছবির ক্যাপশন: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে খাস জলাশয় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। ব্রহ্মপুত্র নদের শাখা সূতি জলাশয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে জবরদখল এবং কৃষি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সোমবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, জলাশয়ের সামনে নির্মাণাধীন প্রাচীরসংলগ্ন সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সূতি জলাশয়টি দীর্ঘদিন ধরে বোরো মৌসুমে ধান চাষ এবং রবি শস্য উৎপাদনে সেচের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি জলাশয়ের অংশ দখল করে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কৃষকরা চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, জলাশয়ের পাশে জমি ক্রয় করে সেখানে স্থাপনা নির্মাণের মাধ্যমে জলাধারের স্বাভাবিক গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে পানি আটকে রাখা এবং শুকনো মৌসুমে পানি সংকট দেখা দিচ্ছে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

আরেক বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে স্থানীয় কৃষক ও পরিবেশকর্মীদের স্বাক্ষর নিয়ে গত বছর গাজীপুরের জেলা প্রশাসক ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়। পরে সরকারি সার্ভেয়ার সরেজমিনে পরিমাপ করে দখলকৃত অংশ থেকে স্থাপনা অপসারণের নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যে স্থাপনা সরানোর মুচলেকা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন শাহজাহান মিয়া, মোবারক হোসেন, সজীব প্রধানসহ স্থানীয়রা।

তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুস সবুর বলেন, তিনি কোনো খাস জলাশয় দখল করেননি। তার দাবি, নিজস্ব ক্রয়কৃত জমিতেই স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং এতে কোনো কৃষকের ক্ষতি হয়নি। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪