রিপোর্টার্স২৪ ডেস্ক: সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রদল-এর কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা ছাত্রদল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস-এর যৌথ সিদ্ধান্তে তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে সঙ্গে সঙ্গেই।
এছাড়া জানানো হয়, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল বহন করবে না।
এ বিষয়ে সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ছাত্রদল আপসহীন। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম