স্টাফ রিপোর্টার: প্রভাবশালীরা সারা দেশে খাল দখল করে রেখেছে। যারা খাল দখল করেছে তাদের বয়কট করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে। প্রত্যেকটি খাল বিএনপি সরকার উদ্ধার করে মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেবে বলে উল্লেখ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রোববার (২২ মার্চ) ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া এলাকায় তুলাতুলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে সাড়ে ৩ দশমিক ৪১ কি.মি. খাল খনন করা হবে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। সবাই সহযোগিতা করলে আবারও সুফলা-সুজলা বাংলাদেশ হবে।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব