রিপোর্টার্স২৪ডেস্ক: কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় বহু মানুষের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এসব ঘটনার নেপথ্য কারণ দ্রুত উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী।তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্যও নির্দেশনা দিয়েছেন।
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি করেছে জেলা প্রশাসন। প্রতিটি কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তের ভিত্তিতে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরের দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একই সঙ্গে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন খাতের দুর্বলতা চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রিপোর্টার্স২৪/এসসি