নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের সাবেক নেতা শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ চলছে।
রোববার (২২ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “মামলাটি বর্তমানে সিআইডির কাছে রয়েছে। সিআইডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আসামিদের দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করছে।”
এদিকে একই দিন রিমান্ড শেষে হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে হাজির করা হয়।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, “সিসিটিভি ফুটেজে তাকে গুলি করতে দেখা যায়নি।” তবে ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন বলে স্বীকার করেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।
রিপোর্টার্স২৪/এসসি