রিপোর্টার্স ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে ঘিরে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এখন পরিণত হয়েছে উৎসবের শহরে। লাখো পর্যটকের ভিড়ে জমে উঠেছে সমুদ্রসৈকত।
রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ বালুকাবেলায় উপভোগ করছেন ঈদের আনন্দ।
নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য তাকে বারবার টানে। ঈদকে আরও আনন্দময় করতেই এখানে এসেছেন এবং আরও কয়েকদিন থাকার পরিকল্পনা রয়েছে তার।
পর্যটকের এই ঢলে চাঙা হয়ে উঠেছে পর্যটন খাত। শহরের হোটেল, মোটেল ও রিসোর্ট গুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের প্রায় সব কক্ষই বুকড। হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, আগামী ৩০ মার্চ পর্যন্ত অধিকাংশ হোটেল আগাম বুকিং হয়ে গেছে।
তিনি আরও বলেন, পর্যটকদের যাতে কোনো হয়রানি না হয় এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা হয় সে বিষয়ে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রমজানে কিছুটা স্থবির থাকা ব্যবসায় প্রাণ ফিরেছে। বার্মিজ মার্কেটের ব্যবসায়ী মফিজুর রহমান জানান, গত দুই দিনে পর্যটকের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে, সামনে আরও বাড়বে বলে আশা করছেন তিনি। এতে ভালো ব্যবসার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, পর্যটকরা আমাদের অতিথি। তাদের নিরাপত্তা ও সেবায় প্রশাসন সর্বদা প্রস্তুত।
ঈদের আনন্দে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত এখন যেন এক বিশাল মিলনমেলা যেখানে ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে গেছে উৎসবের উচ্ছ্বাস।
রিপোর্টার্স২৪/ঝুম