| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রীকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৫:২৭:২১:অপরাহ্ন  |  ৪৬৬৫১৭ বার পঠিত
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রীকে ফোন করে কাঁদলেন এমপি মনিরুল

রিপোর্টার্স২৪ডেস্ক: কুমিল্লার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় গভীর আবেগাপ্লুত হয়ে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলম-কে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন তিনি।

পরবর্তীতে তাদের কথোপকথনের একটি ভিডিও এমপি মনিরুলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় পুরো সময়জুড়ে তিনি আবেগ ধরে রাখতে পারছেন না।

ফোনালাপে তিনি বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনা নতুন কিছু নয়; দীর্ঘদিন ধরেই এখানে একের পর এক দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। কান্নাভেজা কণ্ঠে তিনি রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, আপনি একটু গিয়ে দেখুন, এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি।

তিনি আরও জানান, বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করলেও দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। অন্যদিকে রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। ভয়াবহ এই সংঘর্ষে বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন। সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পরপরই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসন নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর প্রশ্ন উঠেছে আর কত প্রাণ গেলে মিলবে স্থায়ী সমাধান?


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪