রিপোর্টার্স ডেস্ক: মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। রোববার (২২ মার্চ) টাঙ্গাইল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আযম খান বলেন, গণতন্ত্রের জন্য প্রয়াত আপোষহীন নেত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছি। ১৮ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।
তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা সংসদের কমিটিসহ প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় আমি কৃতজ্ঞ; সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রীকে আস্থা রাখার প্রতিদান দেবো।
মন্ত্রী আযম খান বলেন, ২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারবো।
৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা এবং শহিদ ও পঙ্গুদের প্রতি আন্তরিক দৃষ্টি রাখে। আমাদের দায়িত্ব তাদের দেখভাল ও সহায়তা করা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেতা-কর্মীরা।
রিপোর্টার্স২৪/ঝুম