রিপোর্টার্স২৪ ডেস্ক: বান্দরবানে ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহন-এর একটি পর্যটকবাহী বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকের মাধ্যমে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, বাসটিতে থাকা ৪০ জনের মধ্যে ২০ জন পর্যটক আহত হয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম