হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভোরের দিকে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরে সংঘর্ষের ফলে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে পড়ে থাকা পিকআপটি দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকারীরা এসে পিকআপের নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
এ দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও ৩ শিশুও ছিলেন।
সেই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এই দুর্ঘটনাটি ঘটেছে রোববার ভোর চারটার দিকে।
সরাসরি কিছুদিনের মধ্যে ঘটে যাওয়া এই একাধিক সড়ক দুর্ঘটনা দেশের সড়ক নিরাপত্তার গুরুত্ব নতুন করে প্রমাণ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম