| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা তুলে না নেওয়ায় বাদির বোনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার পাঁচ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৩:০৩:০৬:পূর্বাহ্ন  |  ৪৬৯১৯৪ বার পঠিত
মামলা তুলে না নেওয়ায় বাদির বোনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার পাঁচ

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক গৃহবধূর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর ছোট বোন নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ মার্চ) দুপুরে ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়েরের পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এর আগে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলার আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে ইফতারের আগে এই হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম উম্মে হাবিবা ঊর্মি (৩৬)। তিনি একজন বিধবা ছিলেন এবং ঘটনার সময় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ আগস্ট পূর্বশত্রুতার জেরে একই গ্রামের ফারসিদ তালুকদার নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষ। ওই ঘটনায় ফারসিদের মা উম্মে হাফিজা বাদি হয়ে থানায় মামলা করেন। সম্প্রতি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বাদি ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিলো আসামিরা।

শুক্রবার সন্ধ্যায় উম্মে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম তালুকদার লিটন ঈদ বাজার করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা কহির ফকির, দুলালী বেগম ও এখলাসসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। লিটনকে বাঁচাতে তার স্ত্রী হাফিজা, সন্তান ও বাড়িতে বেড়াতে আসা শ্যালিকা উম্মে হাবিবা ঊর্মি এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হয় হামলাকারীরা। একপর্যায়ে তারা প্রাণ বাঁচাতে প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে সেখানে ঢুকে কুড়াল ও হাসুয়া দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিখ্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ঊর্মি মারা যান। আহতরা হাসপাতালে থাকার সুযোগে হামলাকারীরা বাদিনীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে শনিবার দুপুরে নিহতের বোন উম্মে হাফিজা বাদি হয়ে আদমদীঘি থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কহির ফকির, দুলালী বেগম, আইয়ুব হোসেন ও এখলাস হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪