চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান (২৬) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম শহরে ফুটপাতে ব্যবসা করতেন। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে ওই এলাকার সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহি উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি