আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। এই উদ্যোগ মূলত ইরানের সাম্প্রতিক অবরোধ এবং হুমকিপূর্ণ কর্মকাণ্ডের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
জোটভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। তবে বেশিরভাগ দেশ ইউরোপ থেকে এসেছে।
শনিবার (২১ মার্চ) জোটের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, “আমরা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। যেসব দেশ ইতিমধ্যেই প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে, আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই।”
বিবৃতিতে ইরানি বাহিনীর হরমুজ প্রণালিতে অবরোধ, নিরস্ত্র বাণিজ্যিক জাহাজে হামলা এবং তেল-গ্যাস স্থাপনার মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের কঠোর নিন্দা জানানো হয়েছে। জোটের দেশগুলো উল্লেখ করেছে, হরমুজ প্রণালির কার্যত অবরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি সৃষ্টি করছে।
বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি