| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ঈদগাহ প্রস্তুত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১১:৪০:৫১:পূর্বাহ্ন  |  ৪৪৭১২২ বার পঠিত
জাতীয় ঈদগাহ প্রস্তুত
ছবির ক্যাপশন: সংগৃহীত

 রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর  শনিবার(২১ মার্চ) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে । রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

৩৬ বছর পর এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। আসন্ন এই প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

 রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক এবং সরকারের পদস্থ কর্মকর্তারা এই জামাতে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পি আর এন্টারপ্রাইজ’ ২৮ দিনের পরিশ্রমে মাঠটি প্রস্তুত করেছে। 

মূল প্যান্ডেলের ভেতরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও, আশপাশের খোলা জায়গা মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নিতে পারবেন। মুসল্লিদের স্বস্তি দিতে প্যান্ডেলের ভেতরে ৯০০টি সিলিং ফ্যান ও ২০০টি স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে।

 ভিআইপি কাতারগুলোতে রাখা হয়েছে বিশেষ এসির ব্যবস্থা। এছাড়া ১৪০ জন মুসল্লির জন্য পৃথক ওজুখানা এবং পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথসহ ৩ হাজার ৫০০ জনের নামাজের সংরক্ষিত স্থান রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে পুরো ঈদগাহ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রবেশের জন্য চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে দুটি মেডিকেল টিম।

প্রটোকল অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সংরক্ষিত এলাকা রাখা হয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ এবং ৮০ জন নারী ভিআইপি সদস্য রয়েছেন।

 এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারীর আলাদা নামাজের স্থান ও পর্দার বিধান নিশ্চিত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪