রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। তবে স্বস্তির খবর গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ অনেকটাই কম।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, আগের দিনের সেই উপচে পড়া ভিড় নেই। কিশোরগঞ্জগামী ‘এগারসিন্দুর প্রভাতী’ ট্রেনের যাত্রী ও সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, তিনদিন আগে আনা সবজি গতকালই শেষ করেছি। সবচেয়ে ভালো লাগছে আজ ট্রেন অনেকটাই ফাঁকা, কোনো ভোগান্তি নেই। অন্য প্ল্যাটফর্মগুলোতেও একই চিত্র যাত্রী উপস্থিতি তুলনামূলক কম, নেই তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা।
এদিকে রাজধানীর গাবতলী ও মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে। তবে আগের দিনের মতো তীব্র চাপ নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কেও যানবাহনের চাপ কম থাকায় যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) ৩০ দিন পূর্ণ করছে রমজান। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শুরু হবে শাওয়াল মাস, আর সেদিনই সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
রিপোর্টার্স২৪/ঝুম