সিনিয়র রিপোর্টার: রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে মারা গেছেন।
পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী হঠাৎ টান দিলে রিকশা থেকে সড়কে পড়ে যান মুক্তা। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার সময় মুক্তার অবস্থা আশঙ্কাজনক ছিল। মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তুরাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/এসসি