স্টাফ রিপোর্টার: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু হলেও লঞ্চের চাপ ও তীব্র পানির প্রবাহের কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস সদরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মিরাজ নামের এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে চেষ্টা শুরু করা হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে কার্যকরভাবে কাজ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেশি থাকায় এবং লঞ্চগুলো ঘনভাবে অবস্থান করায় ডুবুরি দল বারবার বাধার মুখে পড়ে। ডুবুরিরা পানির নিচে নামলেও লঞ্চের নিচে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছিল, যা অত্যন্ত বিপজ্জনক।
সকাল ৮টার পর কিছুটা ফাঁকা হলে আবারও উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। তবে জোয়ার-ভাটার পরিবর্তন, যাত্রীদের চাপ এবং লঞ্চ সরানোর জটিলতায় ডুবুরিরা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারেননি। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, লঞ্চের চাপ কমলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ডুবুরি নামিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। এ সময় পর্যন্ত ঘটনাস্থলে টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বুধবার বিকালে সংঘটিত ওই দুর্ঘটনায় মিরাজ নিখোঁজ হন। তিনি ছেলে ও পুত্রবধূসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠার সময় ‘জাকির সম্রাট-৩’ লঞ্চটি পন্টুন থেকে বের হয়ে অন্য একটি লঞ্চকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার ছেলে সোহেল নিহত হন এবং পুত্রবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ জানান, নিহত সোহেলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি