আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপের প্রধান দেশগুলো। তারা স্পষ্ট করে জানিয়েছে, এই যুদ্ধ তাদের নয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সংসদে বলেন, ইরান যেন প্রতিবেশীদের জন্য হুমকি না হয়, এ বিষয়ে একমত হলেও যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত যুদ্ধের উদ্দেশ্য ও কৌশল নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তিনি অভিযোগ করেন,এ বিষয়ে ইউরোপকে আগাম কোনো পরামর্শও করা হয়নি।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস আরও সরাসরি বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। একই সুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, তার দেশও এই সংঘাতে পক্ষভুক্ত নয়।
ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, যুদ্ধ চলাকালে তারা হরমুজ প্রণালিতে নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে সামরিকভাবে অংশ নেবে না। এদিকে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ‘ভুল সিদ্ধান্ত’ বলে সমালোচনা করেছেন।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধসহ বিভিন্ন ইস্যুতে আগে থেকেই চাপে থাকা ট্রান্সআটলান্টিক সম্পর্ক এ অবস্থানে আরও টানাপোড়েনে পড়তে পারে।
জনমত জরিপেও দেখা গেছে, ইউরোপের বেশিরভাগ জনগণ ইরান যুদ্ধের বিপক্ষে। ফলে রাজনৈতিক নেতৃত্বও সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহী।
রিপোর্টার্স২৪/এসসি