রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে সিঙ্গাপুরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নিয়মিত তার অবস্থার খোঁজ নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে অনলাইনে যুক্ত থেকেও পরামর্শ দিচ্ছেন।
ডা. জাহিদ বলেন, ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে। তবে এটি বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
মির্জা আব্বাসকে গত বুধবার (১১ মার্চ) রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির অন্যান্য নেতারা হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম