| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০৫:৪১:০৭:পূর্বাহ্ন  |  ৬৫৫৩ বার পঠিত
লেবাননে নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়। নিহতরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। একই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।

পরে বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে। দূতাবাস জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তাদের মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে। অপরদিকে নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির ছেলে।

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪