স্পোর্টস ডেস্ক: মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইতিহাসের খুব কাছাকাছি গিয়েও বিশ্বরেকর্ড ছুঁতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থেমে যাওয়ায় অধরাই থেকে গেল বিরল এক কীর্তি।
ম্যাচের পঞ্চম দিনে শান্ত যখন ব্যাট করছিলেন, তখনই তৈরি হচ্ছিল ইতিহাসের সম্ভাবনা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের দিকে এগোচ্ছিলেন তিনি। তবে ৮৭ রানে গিয়ে থেমে যায় তার দুর্দান্ত ইনিংস।
নোমান আলীর বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ফ্লাইট বুঝতে ভুল করেন শান্ত। বল আঘাত হানে তার প্যাডে। পাকিস্তানের জোরালো আবেদন আমলে নিয়ে আউট দেন আম্পায়ার। পরে রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি।
এই সেঞ্চুরি করতে পারলে শান্ত টেস্ট ইতিহাসে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে নাম লেখাতেন। এই তিন কিংবদন্তির পর তিনিই হতেন চতুর্থ ব্যাটার, যিনি তিনটি ভিন্ন টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন।
টেস্ট ক্রিকেটে এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরির এই বিরল কীর্তির শুরু হয়েছিল ১৯০৯ সালে। অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে প্রথম ইনিংসে ১৩৬ ও দ্বিতীয় ইনিংসে ১৩০ রান করে প্রথমবার এই ইতিহাস গড়েন।
এর আগে শান্ত দুইবার এই কীর্তি গড়েছেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। এরপর গত বছর শ্রীলঙ্কার বিপক্ষেও একই কীর্তি পুনরাবৃত্তি করেন বাংলাদেশ অধিনায়ক।
দুইবারের বেশি এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন মাত্র ১৫ জন ব্যাটার। সেই তালিকায় ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন শান্ত।
তবে সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। চলতি বছরে বাংলাদেশের সামনে আরও পাঁচটি টেস্ট রয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আরেকটি ম্যাচ বাকি আছে। এছাড়া অস্ট্রেলিয়া সফরে দুটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে এই বছরই ইতিহাস গড়ার সুযোগ আবারও আসতে পারে শান্তর সামনে।
একাধিকবার এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তিধারীরা হলেন—
তিনবার: সুনীল গাভাস্কার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।
দুইবার: হার্বার্ট সাটক্লিফ (ইংল্যান্ড), জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ), ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট ইন্ডিজ), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া), অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা), রাহুল দ্রাবিড় (ভারত), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে) ও নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)।
রিপোর্টার্স২৪/ঝুম