| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় চলাচলের রাস্তা কেটে ফসলি জমি তৈরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ২২:০২:২৫:অপরাহ্ন  |  ৫৩২০২০ বার পঠিত
কাপাসিয়ায় চলাচলের রাস্তা কেটে ফসলি জমি তৈরি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় চলাচলের রাস্তা কেটে ফসলি জমি তৈরি করার অভিযোগ উঠেছে আব্দুল খালেক গংদের বিরুদ্ধে।

এছাড়াও রাস্তা দিয়ে চলাচলে বাধা, রাস্তা কর্তন, খুন-জখমের হুমকিসহ হয়রানির প্রতিবাদে এবং চলাচলের রাস্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রায় ৫০টি পরিবারের শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেন।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর (দুলাল মার্কেট) এলাকায় মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে মৃত বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের স্ত্রী মিনারা বেগম বলেন, “আমি প্রায় চার বছর আগে খালেক প্রফেসর এবং আমি মিলে জমির ক্রয়সূত্রে মালিক জনৈক ফজলুল হকের কাছে চলাচলের রাস্তা নির্মাণের জন্য আবেদন করলে তিনি রাস্তা দিতে সম্মত হন। পরে আমরা অন্য জায়গা থেকে মাটি কিনে এনে রাস্তায় ফেলে চলাচলের উপযোগী করি।

এর ফলে দুলালপুর-চান্দেরপুল সড়কের সংযোগ থেকে মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তাটি প্রায় ৩ লাখ টাকা খরচ করে নির্মাণ করে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছি। কিন্তু গত দুই বছর ধরে স্থানীয় আব্দুল খালেক, আমির উদ্দিন, জিসান, মাসুদ রহমান, ফারুক হোসেনসহ তাদের আরও কয়েকজন সহযোগী রাস্তায় খুঁটি পুঁতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে খুঁটি তুলে দেয়। সম্প্রতি তারা আবার রাস্তা কেটে ফসলি জমি তৈরি করে। এ সময় বাধা দিলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়িঘরে হামলার হুমকি দেয়।”

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বসানো হলেও মীমাংসা না হওয়ায় তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযোগকারী মিনারা বেগম তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে স্থানীয় এমপির সহযোগিতা চান।

তিনি বলেন, “আমাকে এখান দিয়ে চলাচলের জন্য রাস্তা দিতে হবে। অন্যথায় রাস্তা নির্মাণে খরচ হওয়া তিন লাখ টাকা ফেরত দিতে হবে।”

স্থানীয় এক বৃদ্ধ বলেন, “এই রাস্তা দিয়ে প্রায় ৫০টিরও বেশি পরিবারের লোকজন চলাচল করে। রাস্তা কেটে ফসলি জমি তৈরি করায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও গ্রামের শিশু-কিশোররা চলাচল করতে পারছে না।”

স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ বলেন, জমির মালিক ফজলুল হকের কাছ থেকে অনুমতি নিয়ে জমির যেকোনো এক পাশ দিয়ে চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাস্তা কেটে ফসলি জমি তৈরি করায় এখন ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারে না। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে কোনো রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। আমরা গ্রামবাসী স্থানীয় এমপি ও প্রশাসনের সহযোগিতায় পুনরায় রাস্তা নির্মাণ করে দেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বারিষাব ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) তাহের মুন্সি বলেন, “আমি নিজে উপস্থিত থেকে তাদের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দিয়েছিলাম। পরে শুনছি স্থানীয় কেউ বা কারা রাস্তা কেটে ফসলি জমি তৈরি করেছে। এতে ওই গ্রামের প্রায় ৫০টিরও বেশি পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল খালেকের ভাই সুলতান মাস্টারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “আগে এই জায়গা দিয়ে পায়ে হাঁটার রাস্তা ছিল। কিন্তু এখন আর বড় রাস্তার প্রয়োজন নেই বলে আমরা রাস্তাটি সরিয়ে ফেলেছি। রাস্তার জায়গাটি আমাদের ব্যক্তিগত জমি।”

মিনারা বেগমের দাবিকৃত ৩ লাখ টাকা আব্দুল খালেককে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন, তিন লাখ টাকা দেওয়ার কোনো ধরনের ডকুমেন্ট নেই।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন, “ইউনিয়ন পর্যায়ের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়। মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মিনারা বেগমের অভিযোগটিও বারিষাব ইউনিয়নের প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪