রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। এ কারণে তার বিরুদ্ধে চলমান দুই মামলাতেই জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি জানান, বর্তমানে তার বিরুদ্ধে থাকা দুই মামলাতেই জামিন মিলেছে।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। পরে তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান ২৫ জানুয়ারি আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত ২৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
দুদকের অভিযোগে বলা হয়, আনিস আলমগীরের নামে স্থাবর সম্পদ ২৫ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা, যার মোট মূল্য ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা। এর পাশাপাশি পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।
তার বৈধ আয়ের উৎস থেকে মোট আয় ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয়, টক শো ও কনসালটেন্সি, প্লট বিক্রি এবং ব্যাংক সুদ অন্তর্ভুক্ত। দুদকের হিসাবে, ঘোষিত আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া গেছে, যা মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ।
এর আগে গত ১৪ ডিসেম্বর ‘জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স’এর সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
রিপোর্টার্স২৪/ঝুম