স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া দুবাই ও আবুধাবি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এসব রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক আকাশপথের পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে দেশের প্রধান বিমানবন্দরেও। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংস্থাটি যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন বা ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।