রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবার (৯ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান, সাবেক এমডি ও সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপক পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, শুভাশিষ বোস, নিলুফার আহমেদ, কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক এবং চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী।
আদালতের সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন। ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র দাখিল করা হয় এবং বর্তমানে মামলার আরও তদন্ত চলছে।
দুদক জানায়, আসামিরা বিদেশে পালিয়ে গিয়ে মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। এজন্য তাদের বিদেশ যাত্রা রোধ করা অত্যন্ত জরুরি।
রিপোর্টার্স২৪/ঝুম