রিপোর্টার্স২৪ ডেস্ক: দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকার চালু করতে যাচ্ছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি। এর পরীক্ষামূলক বা পাইলট কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে। রাজধানীর কড়াইল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে কড়াইল বস্তির নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। একই সঙ্গে সুবিধাভোগী পরিবারগুলোর মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তাও পাঠানো হবে।
সরকারি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন।
প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড দেওয়া হবে। রাজধানীর যেসব এলাকায় কার্যক্রম শুরু হচ্ছে সেগুলো হলো কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলী এলাকার ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকা।
ঢাকার বাইরে যেসব উপজেলায় এই পাইলট প্রকল্প চালু করা হবে সেগুলো হলো পাংশা (রাজবাড়ী), পটিয়া (চট্টগ্রাম), বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), লামা (বান্দরবান), খালিশপুর (খুলনা), চরফ্যাশন (ভোলা), দিরাই (সুনামগঞ্জ), ভৈরব (কিশোরগঞ্জ), বগুড়া সদর, লালপুর (নাটোর), ঠাকুরগাঁও সদর এবং নবাবগঞ্জ।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চালু হওয়া এই উদ্যোগের জন্য গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কর্মসূচির উদ্বোধন বগুড়ায় হবে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে রাজধানীর কড়াইল এলাকাতেই আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের আশা, পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের আরও অনেক দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম