রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
রোববার (৮ মার্চ) সকালে তারা হাসপাতালটি পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবার পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তাদের নজরে আসে।
পরিদর্শনকালে রোগীদের জন্য ব্যবহৃত নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ পরিস্থিতিতে তিনি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি তুলে ধরেন।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।
এ সময় সঙ্গে থাকা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ এই মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নেতৃত্বের সংকটের পাশাপাশি ব্যবস্থাপনার ঘাটতিও রয়েছে।
তবে দ্রুত এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই হাসপাতালকে অন্যান্য হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক ও রোগীবান্ধব হতে হবে।
রিপোর্টার্স২৪/আরকে