রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এ আবেদন করেন রাজধানীর রমনা থানা বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, ইতোমধ্যে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাস–এর কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া একটি বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি মির্জা আব্বাস–কে নিয়ে ‘বাংলাদেশের ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে মন্তব্য করেন, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী অত্যন্ত মানহানিকর।
বাদীর ভাষ্য অনুযায়ী, ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ফলে মির্জা আব্বাসের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং পরিকল্পিতভাবে একের পর এক বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, যা শিষ্টাচার ও সভ্যতার পরিপন্থী।
এ বিষয়ে আদালতের পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/আরকে