রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি আয়োজন করেছে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য দুদিনের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার (৬ মার্চ) সকালেই বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় অংশগ্রহণ করছেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার সদস্যরা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কাজসহ সংসদীয় প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
দুদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করা লক্ষ্য। বিশেষভাবে কৌশলগত ভূমিকা এবং কার্যকর নেতৃত্ব প্রদানের বিষয়গুলো তুলে ধরা হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। বিএনপি থেকে নির্বাচিত এমপির সংখ্যা ২০৯।
দলীয় সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মশালায় সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালা প্রয়োগ, মন্ত্রণালয়ের তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম