| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যা থেকেই অনেক পাম্পে তেল নেই

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ২১:১৯:৩৩:অপরাহ্ন  |  ৫৬৮২৬৮ বার পঠিত
সন্ধ্যা থেকেই অনেক পাম্পে তেল নেই
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা মূল্যবৃদ্ধির আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকদের ভিড় বেড়েছে। অতিরিক্ত চাহিদার কারণে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকার অনেক পাম্পেই সাময়িকভাবে তেল ফুরিয়ে যাওয়ার ঘটনা দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, তেল নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি অনেক ক্ষেত্রে পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত চলে গেছে। অনেক গ্রাহক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন বলেও জানা গেছে।

তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেলের সরবরাহ কমানো বা দাম বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনও সরকারি নির্দেশনা নেই। গুজব বা সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, ফলে পাম্পগুলোতে স্বাভাবিকের তুলনায় চাপ বেড়েছে।

রাজধানীর ঢাকা কলেজের সামনে অবস্থিত মেঘনা মডেল সার্ভিস-এর এক কর্মচারী জানান, সাধারণত চালকেরা প্রয়োজন অনুযায়ী তেল নেন। কিন্তু গত রাত থেকে অনেকেই গাড়ির ট্যাংক পূর্ণ করে নিচ্ছেন। এতে ভিড় দ্রুত বেড়ে যায় এবং সন্ধ্যার পর পাম্পে তেল শেষ হয়ে যায়। রাতে আবার নতুন করে সরবরাহ এলে বিক্রি শুরু হবে।

একটি পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক শাহরিয়ার বলেন, ইরানকে কেন্দ্র করে যুদ্ধের কারণে তেলের জাহাজ আটকে যেতে পারে বলে শুনেছি। হঠাৎ সংকট তৈরি হলে দামও বাড়তে পারে। তাই আগে থেকেই একটু বেশি তেল নিয়ে রাখছি।

এভাবে অতিরিক্ত তেল কেনার কারণে অনেক পাম্পে সাময়িক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনে মানুষ নিজেরাই সংকট তৈরি করছে। প্রত্যেকটি পাম্পে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয়। হঠাৎ সবাই বাড়তি তেল কিনতে গেলে চাপ তৈরি হওয়াই স্বাভাবিক।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় তেলের বিক্রি অনেক বেড়েছে। সাধারণত যেখানে বিক্রি প্রায় ৬০ শতাংশের মতো থাকে, সেখানে আজ তা বেড়ে প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে।

এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা দেখা দেওয়ায় জ্বালানি সাশ্রয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করেছে। পাশাপাশি সম্ভব হলে কারপুলিং চালু করা এবং অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি দফতর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪