রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছেন লাখো মানুষ। এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) শুরু হয়েছে টিকিট বিক্রির তৃতীয় দিনের কার্যক্রম। আজ যাত্রীরা সংগ্রহ করতে পারবেন আগামী ১৫ মার্চের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট।
ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতি নিয়ে সম্প্রতি রাজধানীর রেল ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ও নানা নির্দেশনা চূড়ান্ত করা হয়।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ এবং ১৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৪ মার্চ। এছাড়া ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। এছাড়া কেনা টিকিট কোনো অবস্থাতেই ফেরত বা রিফান্ড করা হবে না।
রিপোর্টার্স২৪/ঝুম