| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: শাহজালাল থেকে ৫ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ২১:৫৮:৫৬:অপরাহ্ন  |  ৫৭৫৮৪৫ বার পঠিত
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: শাহজালাল থেকে ৫ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে দেশের আকাশপথেও। আকাশসীমা বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে বুধবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু বুধবারই বাতিল হয়েছে আরও ২৮টি ফ্লাইট।

বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা পাঁচ দিনে ধাপে ধাপে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি এবং মঙ্গলবার ৩৮টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ বুধবার দুপুর পর্যন্ত আরও ২৮টি ফ্লাইট স্থগিত হওয়ায় মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬টিতে।

রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাট রুটে তাদের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি ফ্লাইট রয়েছে।

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সামরিক উত্তেজনা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে এই বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রী ও ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪