| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশির পরিচয়

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২১:৩৫:২৮:অপরাহ্ন  |  ৫৯২১৩৬ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশির পরিচয়
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত-এ ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। নিহতের নাম সালেহ আহমদ। তিনি আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন সালেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার শেষে জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হওয়ার পর হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তের মধ্যে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন; তাঁর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। রোববার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত হানার পর থেকে দেশটিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানের এবং একজন নেপালের নাগরিক। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।

এদিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরান থেকে ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন। দেশে তাঁর মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তাঁর চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী জানান, মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪