স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
যেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার মধ্যে চারটি হত্যা মামলা। এগুলো হলো,ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা আরেকটি মামলাতেও তিনি জামিন পেয়েছেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়।
এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ আদেশে উল্লেখিত পাঁচ মামলায় তিনি পুনরায় জামিন লাভ করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি