রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক মামলা দায়ের করে হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পাঁচ আগস্টের পর এমন বহু মামলা হয়েছে যেখানে শত শত, এমনকি হাজার হাজার আসামি করা হয়েছে। এসব মামলার কিছু ইতোমধ্যে সরকারের নজরে এসেছে।
তিনি বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণি এ ধরনের মামলা করেছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করে শনাক্ত করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতে হবে।
মামলা প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা ছাড়া অন্য কিছু মামলা আমলে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা, অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত মামলা রয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের বিষয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ প্রক্রিয়ার অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথা উল্লেখ করেন মন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম