| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব বাহিনী প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৩:৫৯:৫৯:অপরাহ্ন  |  ৬২৬৪৩৬ বার পঠিত
সব বাহিনী প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, নতুন মন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে জানা গেছে। মাঠপর্যায়ে পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, বিশেষ শাখা (এসবি) প্রধান মো. গোলাম রসুল, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন, সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪