রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে চীনা সরকার। তবে সফরের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি, জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সচিবালয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।
তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে শুরু হয়েছিল। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির দুই-তৃতীয়াংশ ম্যান্ডেটকে চীন সম্মান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম