| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১০:৩১:৫৩:পূর্বাহ্ন  |  ৬৩০১০০ বার পঠিত
দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে পরিবর্তনের আভাস। আজ থেকে টানা দুদিন দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার বর্তমান চিত্র তুলে ধরে অধিদপ্তর জানিয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যা দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৩ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

২৪ ফেব্রুয়ারি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর ২৫ ফেব্রুয়ারি সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্কই থাকবে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনে সংশ্লিষ্ট বিভাগগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪