স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় চার সাংবাদিকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চ্যানেল এস-এর শাহাদাত হোসেন ইমরান (স্টাফ রিপোর্টার), সীমা প্রধান (সিটি রিপোর্টার), শান্ত মাহমুদ (রিপোর্টার), বাংলা টিভির মিজানুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে মোটরসাইকেল সংক্রান্ত বিবাদের জের ধরে নূরে আলম (৩৩) ও আমিনুল ইসলামের (৩৪) মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূরে আলম আমিনুলকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সাংবাদিকদের জানানো হলে তারা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান।
অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর নূরে আলমের নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে সাংবাদিক ও আমিনুল ইসলামের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও ধারণের সময় সীমা প্রধানকে লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং হামলার সময় আমিনুল ইসলামের মোবাইল ফোন ভেঙে ফেলা হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় আমিনুল ইসলাম তুরাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূরে আলম ও সহযোগী আলামিন (২৭)কে আটক করেছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তুরাগ থানার ইন্সপেক্টর মো. টোকনুজ্জামান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টার্স২৪/বাবি