স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ রোববার(২২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীরহাজিরবাগ ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, মীরহাজিরবাগ এলাকায় একটি লেগুনা যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুরশাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। লেগুনাটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আজিজুল ইসলাম গেণ্ডারিয়ার সতীশ সরকার রোডের বাসিন্দা ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। অপর নিহত সাইফুল ইসলাম গেণ্ডারিয়া এলাকার বাসিন্দা এবং একটি মোটর পার্টসের দোকানে কর্মরত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি