পলাশ মনির : ৫ আগস্ট পরবর্তী সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার ডিআইজি ফারুক আহমেদের নেতৃত্ব নিয়ে সামাজিক মাধ্যমে আলোচিত একটি লেখার ভিত্তিতে ঘটনাপ্রবাহ ও দাবি-দাওয়া ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
৫ আগস্টের পর টানা কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। রাজধানী ঢাকাসহ একাধিক জেলায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেক পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করেন,এমন অভিযোগও সামনে আসে। ফলে কার্যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কমে যায় এবং জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব গ্রহণ করেন ডিআইজি ফারুক আহমেদ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই লেখায় দাবি করা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর তিনি থানাভিত্তিক কার্যক্রম পুনরুজ্জীবিত করতে ওসিদের নিজ নিজ থানায় যোগ দিতে উৎসাহ দেন এবং জোনভিত্তিক দায়িত্বে ডিসিদের সক্রিয় করেন। শুরুতে অনেক কর্মকর্তা মাঠপর্যায়ে যেতে অনীহা প্রকাশ করলেও তিনি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন বলে লেখায় উল্লেখ করা হয়েছে।
লেখক দাবি করেন, ঢাকায় ধীরে ধীরে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়তে শুরু করলে সারাদেশেও পুলিশি কার্যক্রম পুনরায় সক্রিয় হয়। রাজধানীতে মব সহিংসতার বিরুদ্ধে প্রথম কঠোর অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের কৃতিত্বও ডিএমপি কমিশনারের নেতৃত্বকে দেওয়া হয়েছে।
তবে এসব বক্তব্য সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত মূল্যায়ন,এটি সরকারি কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সারাদেশে প্রভাব ফেলে। ফলে ডিএমপি কমিশনারের পদটি প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পেশাদার, অভিজ্ঞ ও সমন্বয়ক্ষম নেতৃত্ব প্রয়োজন;এমন মতও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান প্রেক্ষাপটে পুলিশের সাংগঠনিক সক্ষমতা, মাঠপর্যায়ের মনোবল এবং নেতৃত্বের কার্যকারিতা,এই তিনটি বিষয়ই পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারুক আহমেদ এখন র্যাবের এডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার্স২৪/এসসি