| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১০:২৯:২৪:পূর্বাহ্ন  |  ৬৩৭৪৫০ বার পঠিত
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

রিপোর্টার্স২৪ ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমেছে মানুষের ঢল। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সর্বস্তরের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ ফুল হাতে ছুটে আসেন শহীদ মিনারে। শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মরণ করা হয় মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের।

এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রহর গুনে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাত ১২টা ৮ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আপিল বিভাগের বিচারপতিরা। তিন বাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন, এবি পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও এদিন শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি, ফুলেল শ্রদ্ধা আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের সুরে একুশের চেতনায় আবারও উদ্দীপ্ত হয়ে ওঠে পুরো জাতি। অমর একুশে যেন বাঙালির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও ভাষা আন্দোলনের অবিনশ্বর ইতিহাসের প্রতীক হয়ে ধরা দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪